
রাজধানীর কদমতলী থানাধীন জুরাইন এলাকায় চাঞ্চল্যকর সশস্ত্র হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। জুরাইনের ৫৩ নম্বর ওয়ার্ডের কমিশনার মোড় এলাকায় মাদক চোরাকারবারীদের পূর্ব বিরোধের জেরে ঘটনার সূত্রপাত হয়।
গত ২২ নভেম্বর ২০২৫, বিকাল আনুমানিক ৪টা ৪০ মিনিটে স্থানীয় সন্ত্রাসী চানু-জহির গ্রুপ ভুক্তভোগী মোঃ শাহীন বেপারী (২৭)-কে লক্ষ্য করে পরিকল্পিত সশস্ত্র হামলা চালায়। পূর্বের মাদক সংক্রান্ত বিরোধের জেরে গ্রুপের সদস্যরা তাকে ঘেরাও করে হামলা চালায়।
আত্মরক্ষার জন্য শাহীন দৌড়ে পালানোর চেষ্টা করলে আসামিরা তাকে আটক করে। এসময় প্রধান আসামি চান মিয়া ওরফে চানু (৩৯) তার হাতে থাকা পিস্তল দিয়ে শাহীনের মাথায় লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ শাহীন ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে চান মিয়া ও মোঃ জহিরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বাকি সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দা এবং একটি তলোয়ার জব্দ করে।
গুরুতর আহত শাহীনকে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।
ভিকটিমের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে কদমতলী থানায়
মামলা নং–৩২, তারিখ–২৩/১১/২০২৫,
ধারা: ১৪৩/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী মামলা রুজু হয়।
তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারসহ সহায়তার জন্য র্যাব-১০ এর কাছে অধিযাচন পাঠান।
তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর একটি টিম অভিযান চালিয়ে
২৩ নভেম্বর ২০২৫ বিকাল ৩টা ১৫ মিনিটে
রাজধানীর কদমতলী থানাধীন চেয়ারম্যান বাড়ী এলাকা থেকে এজাহারনামীয় আসামি
মোঃ ইব্রাহীম হোসেন (৩৫)
পিতা: মোঃ মিজানুর রহমান
সাং: কুসুমদি, থানা: আলফাডাঙ্গা, জেলা: ফরিদপুর
কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।